Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ৮; আটক হোটেল মালিক

বীরভূম: তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বীরভূম জেলার অন্তর্গত তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে যে সকল পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন, তাঁদের সকলের জন্য তিনি গভীরভাবে শোকপ্রকাশ করেছেন। অন্যদিকে, হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে দেশের প্রধানমন্ত্রী এক্স পোস্টে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিনি খুবই মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছেন মোদি।

মৃত্যু যেন তাঁদের দোরগোড়ায় কড়া নেড়েও ফিরে গেছে। কপাল জোরে বেঁচে গেছেন ঠিকই, কিন্তু আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তারাপীঠের হোটেলের এক আবাসিক বলেন, “কোনও আওয়াজ শুনতে পাইনি। অনেক আতঙ্ক। ভিতরটা কাঁপছে।”

কারও কাছে আবার সবটাই বিভীষিকা। ওই হোটেলের এক আবাসিক বলেন, “মায়ের জানি না কী হয়েছে। আমি আমার কাউকে খুঁজে পাচ্ছি না। ২টো ছোট ছোট বাচ্চা আছে আমার ভাইয়ের।”

আর যাঁরা শেষ চেষ্টা করেও সফল হননি, তাঁদের পরিণতি হয়েছে ভয়ঙ্কর। বের হতে গিয়ে সিঁড়ির মধ্যেই ঝলসে গেছেন একাধিক মানুষ।

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় সাতজনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন একাধিক। এক দমকলকর্মী জানান, “দমকলকে ফোন করা হয় ৫.২০-তে। ৫.২৩-এ আমরা এখানে পৌঁছই। এত ধোঁয়া ছিল, আমরা প্রথমে ঢুকতে পারিনি। পরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার পর ভিতরে ঢুকি।”

হোটেল থেকে অদূরেই রয়েছে তারাপীঠ মন্দির। শ্রাবণ মাস উপলক্ষে এই হোটেলেই উঠেছিলেন বহু পুণ্যার্থী। কিন্তু কে জানত, এখানেই এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তাঁদের?

হোটেলের আবাসিকদের দাবি, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ প্রায় সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন প্রথম আগুন লাগে হোটেলের রিসেপশনে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় পাঁচতলা পর্যন্ত। ধোঁয়া গ্রাস করে গোটা হোটেলটিকে। পুড়ে ছাই হয়ে গেছে সিলিং থেকে টেবিলসহ হোটেলের একাধিক সামগ্রী।

বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় আটক করা হয়েছে হোটেলের মালিককে। বীরভূমের পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ বলেন, “সকালবেলা প্রায় ৫টার কাছাকাছি খবর আসে পুলিশের কাছে, এখানে আগুন লেগে গেছে। এখানে মোট ২২ জনকে জীবিত উদ্ধার করেছে দমকল ও পুলিশের টিম। লজের যে অপারেটর, মালিক ওঁকে আটক করেছি। আমরা কঠোর আইনি পদক্ষেপ করব।”

ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *