নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের ছররা রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাতপরিচয় যাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রেল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর নাগাদ ছররা স্টেশনের নিকটবর্তী রেললাইনে তাম্বরম এক্সপ্রেস থেকে হঠাৎই পড়ে যান ওই যাত্রী। ট্রেন থেকে পড়ে যাওয়ার ফলে ঘটনাস্থলেই তাঁর একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর রক্তাক্ত অবস্থায় লাইনের পাশে পড়ে থাকেন।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ব্যক্তির কাছে থেকে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। রেল পুলিশ (GRP) মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং মৃতের নাম-পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি কোথা থেকে ট্রেনে উঠেছিলেন এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।


মতামত