সৌমেন সূত্রধর, রঘুনাথপুর: অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুত আর্থিক সহায়তা মাসের পর মাস ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছনোর অভিযোগে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা শাসকের (SDO) দপ্তর। বকেয়া ভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে শতাধিক মহিলা এসডিও অফিস চত্বরে জড়ো হয়ে অবস্থান-বিক্ষোভে শামিল হন। পরে তাঁরা পথ অবরোধও করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, বহু মাস আগে অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়ে নাম নথিভুক্ত করা হলেও এখনও পর্যন্ত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি কিস্তির টাকাও জমা পড়েনি। বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও কোনও সদুত্তর মেলেনি বলে তাঁদের দাবি।
মহিলাদের বক্তব্য, সংসার চালাতে এমনিতেই আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। তার উপর সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার কথা থাকলেও মাসের পর মাস তা না মেলায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে অ্যাকাউন্টে টাকা না আসায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
মঙ্গলবার সকাল থেকেই রঘুনাথপুর এসডিও দপ্তরের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কিছু সময়ের জন্য দপ্তরের মূল প্রবেশদ্বার অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ।
আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে অন্নপূর্ণা যোজনার সমস্ত বকেয়া ভাতা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ-আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারী মহিলারা।


মতামত