রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম মানুষদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে মাসে ১,৫০০ টাকা হারে দেওয়া এই ভাতা আরও ৫০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই হারে তিন শ্রেণির উপভোক্তারই মাসিক ভাতা বাড়ানো হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে এই তিন শ্রেণির মানুষের ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়।
আগে বার্ধক্য, বিধবা ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতার পরিমাণ ছিল ১,০০০ টাকা। নতুন সরকার ক্ষমতায় আসার পর তা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়। গত জুলাইয়ের শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১ আগস্ট থেকে যোগ্য উপভোক্তারা বর্ধিত হারে ভাতা পাবেন। এবার ফের আরও ৫০০ টাকা বাড়িয়ে মাসিক ২,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হল।
তবে এখনই ২,০০০ টাকা হারে ভাতা দেওয়া শুরু হচ্ছে না। কবে থেকে নতুন হারে টাকা মিলবে, তা এখনও স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী দিনে এই বর্ধিত ভাতা চালু করা হবে।
এদিকে, নতুন সিদ্ধান্তের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তনের কথাও জানানো হয়েছে। আগের সরকারের আমলে ভাতার জন্য জমা পড়া সমস্ত আবেদন বাতিল করা হবে। ফলে আগে আবেদন করা উপভোক্তাদেরও নতুন করে আবেদন করতে হবে।
নবান্ন সূত্রে খবর, নতুন আবেদনগুলি কঠোর ভাবে যাচাই করা হবে। আবেদনকারীদের বয়স, আর্থিক পরিস্থিতি এবং নির্ধারিত যোগ্যতার অন্যান্য মাপকাঠি খতিয়ে দেখার পর চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরি করবে প্রশাসন।
তবে মাসে ২,০০০ টাকা হারে বর্ধিত ভাতা ঠিক কবে থেকে চালু হবে, সে বিষয়ে এখনও সরকারি ভাবে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। প্রশাসনিক মহলের একাংশের ধারণা, নতুন করে আবেদন গ্রহণ ও যাচাইয়ের প্রক্রিয়া শেষ করতে সময় লাগতে পারে। সেই কারণে আগামী আর্থিক বছরের শুরু, অর্থাৎ এপ্রিল থেকে বর্ধিত ভাতা চালুর সম্ভাবনা রয়েছে।


মতামত