পুরুলিয়ায় প্রাক্তন প্রেমিকাকে ভাড়াবাড়িতে আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ফের প্রেমের সম্পর্কে জড়ানোর জন্য ওই তরুণীকে চাপ দিচ্ছিলেন যুবকটি। কিন্তু তিনি রাজি না হওয়ায় তাঁকে আটকে রেখে মারধর করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!অভিযোগকারিণী তরুণী পুরুলিয়ার জয়পুর থানা এলাকার বাসিন্দা। উত্তরপ্রদেশের ওই যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তবে নানা কারণে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয় এবং শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায়। অভিযোগ, সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও বার বার ফের সম্পর্কে জড়ানোর জন্য তরুণীকে চাপ দিতেন তাঁর প্রাক্তন প্রেমিক।
তরুণীর অভিযোগ, তাঁর প্রত্যাখ্যানে রেগে গিয়ে ওই যুবক পুরুলিয়ায় চলে আসেন এবং পুরুলিয়া শহরে একটি বাড়ি ভাড়া নেন। পরে তাঁকে ওই ভাড়াবাড়িতে ডেকে পাঠানো হয়। সেখানে ফের প্রেমের প্রস্তাব দেওয়া হলেও তরুণী রাজি হননি। অভিযোগ, এরপর তাঁকে ওই বাড়িতে আটকে রাখা হয়।
তরুণীর দাবি, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত তাঁকে আটকে রেখে মারধর করা হয়। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি বিবস্ত্র অবস্থায় রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন অভিযোগকারিণী।
কোনওক্রমে ওই যুবকের কবল থেকে পালিয়ে বেরিয়ে থানায় যান তরুণী। সেখানে গিয়ে গোটা ঘটনার কথা পুলিশকে জানান তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মতামত