পুরুলিয়া: পুরুলিয়া জেলাজুড়ে সারের কালোবাজারির অভিযোগ উঠেছে। চাষিদের পাশাপাশি এ বার এই অভিযোগে সরব হয়েছেন বিজেপির কিষান মোর্চার পুরুলিয়া জেলা সভাপতি জগদীশ কুমার। কালোবাজারিরা এখনও সক্রিয় রয়েছে বলে স্বীকার করে সংগঠনের পদাধিকারীদের নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। বেআইনি ভাবে সার মজুত বা কালোবাজারির প্রমাণ মিললে প্রয়োজনে থানায় এফআইআর করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন ব্লকে সারের সমস্যা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন চাষিরা। কোথাও ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে রাস্তা অবরোধ করা হয়েছে, কোথাও সার বিক্রির দোকানের সামনে বিক্ষোভ হয়েছে। আবার কোথাও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগও উঠেছে।ইতিমধ্যে আড়শা, বরাবাজার, কোটশিলা এবং জয়পুরে বড় আকারের বিক্ষোভ হয়েছে। জেলার অন্যান্য এলাকাতেও সারের সমস্যা নিয়ে চাষিদের মধ্যে ক্ষোভ রয়েছে। পরিস্থিতি যাতে আরও বড় আকার না নেয়, সে বিষয়ে সতর্ক বিজেপির স্থানীয় নেতৃত্ব।কিষান মোর্চার জেলা সভাপতি জগদীশ কুমারের দাবি, জেলার প্রায় প্রতিটি এলাকা থেকেই সারের কালোবাজারির অভিযোগ এসেছে। তাঁর অভিযোগ, কিছু কৃষি সহায়তা কেন্দ্র এবং কৃষি সমবায় থেকেও বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। আবার কেউ কেউ বেআইনি ভাবে সার মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছেন বলেও দাবি তাঁর।বিষয়টি নিয়ে কৃষিদপ্তরের জেলা আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জগদীশ কুমার। তাঁর দাবি, প্রশাসনও বিষয়টি নিয়ে সক্রিয়। তবে এখনও পুরোপুরি কালোবাজারি বন্ধ করা সম্ভব হয়নি।তিনি আরও জানান, সংগঠনের মণ্ডল সভাপতি থেকে শুরু করে অন্যান্য পদাধিকারী এবং সাধারণ কর্মীদেরও কালোবাজারির প্রমাণ সংগ্রহ করে দ্রুত জানাতে বলা হয়েছে। স্থানীয় কৃষিদপ্তরকে জানানোর পরেও ব্যবস্থা না হলে প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে।চাষিদের ন্যায্য মূল্যে সার দেওয়ার ক্ষেত্রে সরকার বদ্ধপরিকর বলেও দাবি করেছেন কিষান মোর্চার জেলা সভাপতি। বেআইনি ভাবে সার মজুত বা বিক্রির কারবার কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে তাঁর বার্তা।পাশাপাশি কৃষিদপ্তরের আধিকারিকদের নিয়মিত পরিদর্শনের উপরেও জোর দেওয়া হয়েছে। কালোবাজারি বন্ধ করতে প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন জগদীশ কুমার।
পুরুলিয়ায় সারের কালোবাজারির অভিযোগ, নজরদারিতে কিষান মোর্চা; বেআইনি মজুত হলে FIR-এর হুঁশিয়ারি
Thank you for reading this post, don't forget to subscribe!

মতামত