সংবাদদাতা, তারাপীঠ: কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রতি বছরই তারাপীঠে পুণ্যার্থীদের ঢল নামে। বিগ্রহ দর্শনের পাশাপাশি গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেওয়ার সুযোগও পান ভক্তরা। তবে এ বছর সেই নিয়মে বড় পরিবর্তন আনছে তারাপীঠ মন্দির কমিটি। ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কৌশিকী অমাবস্যার দিন গর্ভগৃহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এ বার সাধারণ ভক্তদের পাশাপাশি মন্ত্রী, বিধায়ক, সাংসদ, প্রশাসনিক আধিকারিক, ভিআইপি এবং ভিভিআইপিদেরও গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সকলকেই নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করে বাইরে থেকেই মা তারার দর্শন করতে হবে। গর্ভগৃহের বাইরের বারান্দা থেকে পুণ্যার্থীরা বিগ্রহ দর্শন করতে পারবেন।মন্দির কমিটির দাবি, প্রতি বছর গর্ভগৃহে প্রবেশের সময় ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হয়। ভিআইপি লাইনের কারণে সাধারণ দর্শনার্থীদের লাইন দীর্ঘক্ষণ আটকে থাকার অভিযোগও ওঠে। পাশাপাশি দ্রুত দর্শন করিয়ে দেওয়ার নামে ভক্তদের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। এই সমস্ত বিষয় মাথায় রেখেই এ বার কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় জানান, কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে দু’টি লাইন থাকবে—একটি ভিআইপি এবং অন্যটি সাধারণ ভক্তদের জন্য। তবে ভিআইপি লাইনে থাকা ব্যক্তিরাও গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না।তিনি বলেন, প্রশাসনের কাছে মন্দির কমিটির অনুরোধ, ভিআইপি বা অন্য কোনও বিশেষ ব্যক্তির গর্ভগৃহে প্রবেশের জন্য যেন কোনও সুপারিশ বা অনুরোধ না করা হয়। মন্ত্রী, বিধায়ক বা আমলা—সকলের ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর থাকবে।নিখিল বন্দ্যোপাধ্যায় আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্দির চত্বরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও জোরদার করা হবে। ভিআইপি লাইনের জন্য মাথাপিছু ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তবে এই টাকা দিয়ে গর্ভগৃহে প্রবেশের কোনও সুযোগ থাকছে না। অন্যদিকে, সাধারণ লাইনে দর্শনের জন্য কোনও টাকা দিতে হবে না।
Thank you for reading this post, don't forget to subscribe!কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বড় সিদ্ধান্ত, গর্ভগৃহে ঢুকতে পারবেন না ভিআইপি-সহ কোনও ভক্ত

মতামত