নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: আদ্রায় ব্যাংক আর্থিক প্রতারণার মামলায় বড়সড় পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ। আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করা হলো অভিযুক্ত অটোমোবাইল ব্যবসায়ী অভিষেক ব্যানার্জীর কোটি টাকারও বেশি মূল্যের বাইক শোরুম ও জমি। পুরুলিয়া জেলা পুলিশের দাবি, নতুন আইন ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (BNSS)-র ১০৭ ধারার আওতায় জেলায় এই প্রথম কোনও আর্থিক অপরাধে আদালতের নির্দেশে সম্পত্তি বাজেয়াপ্তের কড়া পদক্ষেপ নেওয়া হলো।
Thank you for reading this post, don't forget to subscribe!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া ওই সম্পত্তির বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। আদ্রার বেনিয়াসোল এলাকায় অবস্থিত এই সম্পত্তিটি অভিষেক ব্যানার্জী ও তাঁর স্ত্রী সুমনা সাহা ব্যানার্জীর যৌথ নামে নথিভুক্ত রয়েছে।মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ জুলাই একাধিক বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৭০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে আদ্রার কাঁটারাঙ্গুনির বাসিন্দা তথা ‘অভিষেক হোন্ডা অটো মোবাইলস’-এর মালিক অভিষেক ব্যানার্জী এবং তাঁর শোরুম কর্মী রাহুল সিংকে গ্রেফতার করে আদ্রা থানার পুলিশ। অভিযোগ, অন্তত ১০২ জন সাধারণ ব্যক্তির নামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে বড়সড় আর্থিক অনিয়ম ও তছরুপ করা হয়েছিল। ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।অভিযুক্তরা গ্রেফতার হওয়ার পর আদালতের অনুমতিতে তদন্ত আরও এগিয়ে নিয়ে যান রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) রোহেদ শেখ, আদ্রা থানার আইসি আশীষ মজুমদার এবং মামলার তদন্তকারী অফিসার (IO) এসআই গৌরহরি ঘোষাল। তদন্তে নেমে অভিযুক্তের বিপুল সম্পত্তির সন্ধান মেলে। এরপরই আদালতের দ্বারস্থ হয়ে বেনিয়াসোল এলাকার ওই শোরুম ও জমি ক্রোক করার আবেদন জানায় পুলিশ।আদালতের চূড়ান্ত নির্দেশ পাওয়ার পর আজ, মঙ্গলবার মহকুমা পুলিশ আধিকারিক রোহেদ শেখের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো শোরুম ও জমিটি সিল করে বাজেয়াপ্ত করে। আর্থিক প্রতারণা মামলায় পুলিশের এই কড়া পদক্ষেপে আদ্রা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মতামত