Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

রঘুনাথপুরে ৪,০০০ কোটি টাকার অমিত মেটালিক্সের ইস্পাত প্রকল্পের শিলান্যাস, তৈরি হবে ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ

রঘুনাথপুর, পুরুলিয়া, ১৭ আগস্ট: পুরুলিয়ার রঘুনাথপুরে শিল্পায়নের ক্ষেত্রে বড় পদক্ষেপ। প্রায় ৪,০০০ কোটি টাকা বিনিয়োগে অমিত মেটালিক্স লিমিটেডের প্রস্তাবিত সমন্বিত ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হল। সংস্থার দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রায় ১৫১ একর জমির উপর গড়ে উঠতে চলেছে এই অত্যাধুনিক সমন্বিত ইস্পাত উৎপাদন কেন্দ্র। প্রকল্পটির বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১.২ মিলিয়ন টন। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১,০০০ দিনের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!


ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক, সরকারি আধিকারিক, শিল্পপতি, স্থানীয় সম্প্রদায়ের সদস্য এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
এক ছাদের তলায় সম্পূর্ণ ইস্পাত উৎপাদন
সংস্থার প্রেস রিলিজ অনুযায়ী, প্রকল্পটি একটি পূর্ণাঙ্গ সমন্বিত ইস্পাত কারখানা হিসেবে গড়ে তোলা হবে। লৌহ আকরিক থেকে শুরু করে প্রস্তুত ও বিক্রয়যোগ্য ইস্পাত তৈরির সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া একই শিল্পাঞ্চলের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অটোমোবাইল শিল্পের জন্য বিশেষ গ্রেডের ইস্পাত উৎপাদনের সক্ষমতাও থাকবে এই কারখানায়।
কর্মসংস্থানের পাশাপাশি বাড়বে সহায়ক শিল্পের সুযোগ
প্রকল্পের প্রভাব শুধু কারখানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে সংস্থা। পরিবহণ, লজিস্টিক্স, ইঞ্জিনিয়ারিং, রক্ষণাবেক্ষণ, ফ্যাব্রিকেশন, নির্মাণ, আতিথেয়তা, খুচরো ব্যবসা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মতো বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। স্থানীয় উদ্যোগ ও দক্ষ কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর উপরও জোর দেওয়ার কথা জানানো হয়েছে।
স্থানীয় যুবকদের জন্য দক্ষতা উন্নয়নের উদ্যোগ


রঘুনাথপুরে একটি দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছে অমিত মেটালিক্স। এর মাধ্যমে স্থানীয় যুবকদের নতুন শিল্প প্রকল্প এবং তার আশপাশে তৈরি হতে চলা কর্মসংস্থানের সুযোগের জন্য প্রস্তুত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এছাড়াও যোগ্য পড়ুয়াদের জন্য বৃত্তি, বোরওয়েল স্থাপন, স্কুলে জল পরিষেবায় সহযোগিতা এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের মতো সামাজিক উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।
পরিবেশের উপরও জোর
শিল্প প্রকল্পের পাশাপাশি পরিবেশ রক্ষার উপরও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সংস্থা। প্রকল্প ও সংলগ্ন এলাকায় এক লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কোনও ইস্পাত কারখানায় অন্যতম প্রথম ধরনের প্রকল্প হিসেবে একটি ফ্লোটিং সোলার পাওয়ার সুবিধা তৈরির পরিকল্পনার কথাও প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।
অমিত মেটালিক্সের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী অমিত কুমার সিং বলেন, এই প্রকল্প শুধুমাত্র একটি ইস্পাত কারখানা নির্মাণের উদ্যোগ নয়; এর মাধ্যমে পুরুলিয়া ও পশ্চিমবঙ্গের প্রতি সংস্থার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির সূচনা হচ্ছে। কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় সম্প্রদায়ের আর্থিক অগ্রগতিতে অবদান রাখাই সংস্থার অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে।
সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় প্রকল্পটির গুরুত্বপূর্ণ অনুমোদনগুলি প্রায় ৯০ দিনের মধ্যে পাওয়া সম্ভব হয়েছে। তাদের মতে, সরকার ও শিল্পক্ষেত্রের সমন্বিত উদ্যোগের ফলে এই ধরনের বড় বিনিয়োগ বাস্তবায়নের পথ আরও সহজ হয়েছে।
অমিত মেটালিক্সের দাবি, রঘুনাথপুরের এই প্রকল্প পুরুলিয়ায় একটি বৃহত্তর শিল্প ও অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শিল্পের সঙ্গে পরিবহণ, লজিস্টিক্স, পরিষেবা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বাড়লে আগামী দিনে পুরুলিয়ার অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে।
প্রায় ৪,০০০ কোটি টাকার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে রঘুনাথপুরে শিল্পায়নের নতুন অধ্যায়ের সূচনা হল—এমনটাই মনে করছে অমিত মেটালিক্স।

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *