পুরুলিয়া: রাস্তায় স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মাহাতোপাড়ায়। অভিযুক্ত স্বামীর নাম বীরু লোহার। তাঁর বাড়ি ঝালদা থানা এলাকায়। সোমবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তির কারণে বীরু লোহার ও তাঁর স্ত্রী মৌসুমি লোহারের মধ্যে বিবাদ চলছিল। সেই অশান্তির জেরে মৌসুমি তাঁর বাপের বাড়িতে চলে আসেন। বর্তমানে তিনি স্থানীয় একটি আটা মিলে কাজ করছিলেন।
অভিযোগ, সোমবার দুপুরে আচমকাই ওই আটা মিলে হাজির হন বীরু। এরপর কোনও কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে স্ত্রীকে পরপর আঘাত করতে শুরু করেন তিনি। ঘটনায় গুরুতর জখম হন মৌসুমি। পুরো ঘটনাটি এলাকার একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
রক্তাক্ত অবস্থায় মৌসুমিকে দ্রুত পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত বীরু লোহারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানো হবে। ঘটনার নেপথ্যে পারিবারিক অশান্তিই মূল কারণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


মতামত