
সৌমেন সূত্রধর , রঘুনাথপুর, পুরুলিয়া: আগামী ১৭ আগস্ট, সোমবার, রঘুনাথপুর-১ ব্লকের নূতনডি অঞ্চলের দুরমুট গ্রামে অমিত মেটালিক্স শিল্প প্রকল্পের শিলান্যাসকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানকে সামনে রেখে সভাস্থল ও সংলগ্ন এলাকায় সাজসজ্জা, মঞ্চ প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অতিথিদের বসার ব্যবস্থা নিয়ে ব্যস্ততা তুঙ্গে।
শিল্প প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় উৎসাহ ও প্রত্যাশার আবহ তৈরি হয়েছে। অনুষ্ঠানস্থলে অতিথিদের স্বাগত জানানো থেকে শুরু করে মঞ্চ, প্যান্ডেল, বসার জায়গা, প্রবেশ ও বেরোনোর পথ—সবকিছুই প্রস্তুত করা হচ্ছে পরিকল্পনামাফিক।
প্রশাসনের পক্ষ থেকেও অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল, পার্কিং এবং নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, শিল্পপতি, স্থানীয় বিশিষ্টজন এবং এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ঘিরে প্রস্তুতি চলছে।
দুরমুটে দীর্ঘদিন পর বড় শিল্প প্রকল্পের সূচনা হতে চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিশেষ আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে জমিদাতা পরিবার এবং এলাকার বেকার যুবক-যুবতীদের মধ্যে কর্মসংস্থান ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।
স্থানীয়দের আশা, শিল্প প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু কর্মসংস্থান নয়, এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এবং অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
তবে অনুষ্ঠানের প্রস্তুতির পাশাপাশি এলাকার মানুষের নজর রয়েছে প্রকল্প বাস্তবায়নের পর তাঁদের জন্য কী ধরনের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের সুযোগ তৈরি হয়, সেদিকেও।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রী। প্রায় ১,৫১ একর জমির উপর গড়ে উঠবে এই ইস্পাত কারখানা। আগামী ১,০০০ দিনের মধ্যে কারখানার নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে পুরুলিয়া ও আশপাশের অঞ্চলের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসতে পারে।
সফরের শুরুতে দুপুর ১২টায় পুরুলিয়ার মানবাজারে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে জাইকা জল প্রকল্পের উদ্বোধন করা হবে। এরপর রঘুনাথপুরে ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
১৯ বছর আগের অপূর্ণ শিল্পস্বপ্নের স্মৃতি পেরিয়ে এবার নতুন শিল্প উদ্যোগের সূচনা। আর সেই সূচনাকে সফল করতে দুরমুটে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন থেকে স্থানীয় মানুষ—সবারই নজর ১৭ আগস্টের দিকে।


মতামত