সৌমেন চৌধুরী, কলকাতা: হড়পা বানে ভয়াবহ বিপর্যয়ের মুখে নেপাল। এখনও পর্যন্ত সেখানে ২৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন ৮০০-রও বেশি মানুষ। তাঁদের মধ্যে ২৮৮ জন ভারতীয় বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়েছে পশ্চিমবঙ্গের ৩২ জন পর্যটকের নিখোঁজ থাকার খবর।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্যের ৩২ জন বাসিন্দার সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁদের নাম ও ঠিকানার তালিকাও প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। নিখোঁজদের মধ্যে কলকাতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, দার্জিলিং-সহ রাজ্যের একাধিক জেলার বাসিন্দা রয়েছেন।
রাজ্য প্রশাসনের তালিকা অনুযায়ী, আসানসোল-দুর্গাপুর কমিশনারেট এলাকার ছ’জন, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার তিনজন এবং কলকাতার চারজন বাসিন্দার এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। তাঁদের পরিবারগুলির মধ্যে বাড়ছে উদ্বেগ। প্রশাসনের তরফে পর্যটন সংস্থা এবং অন্যান্য সূত্রের সঙ্গে যোগাযোগ রেখে নিখোঁজদের সন্ধানের চেষ্টা চলছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের এই ৩২ জনের একটি দল একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে মানস সরোবর দর্শনে গিয়েছিল। গত ২১ অগস্ট কলকাতা থেকে রওনা হয়ে ২২ অগস্ট নেপালে পৌঁছেছিলেন তাঁরা। বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল তাঁদের। কিন্তু হড়পা বান ও বন্যার বিপর্যয়ের পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।
নেপালের পরিস্থিতি নিয়ে বুধবার রাতেই রাজ্য সরকারের তরফে জানানো হয়, সেখানে নিখোঁজ ও আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের উদ্ধারে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস এবং নেপাল প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
নিখোঁজদের পরিবারকে সাহায্য করতে ভবানীভবনে রাজ্য পুলিশের একটি হেল্পলাইন চালু করা হয়েছে। রাজ্য সরকারের তরফে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ০৩৩-২৪৭৯৩৩১১ এবং ৯১৪৭৮৯০১৮১ নম্বর।
এ ছাড়াও কলকাতা পুলিশের হেল্পলাইনে ১৮০০৩৪৫৫৬৭৮ নম্বরে যোগাযোগ করা যাবে। হোয়াট্সঅ্যাপ নম্বর ৯৮৭৪৯০২৮৮০। নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে +৯৭৭-৯৮৫১৩১৬৮০৭ এবং +৯৭৭-৯৭০৯১০৭৫০০ নম্বর।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল বৃহস্পতিবার জানিয়েছেন, নেপালে আটকে পড়া ভারতীয়দের মধ্যে তামিলনাড়ুর ৩৭ জন, পশ্চিমবঙ্গের ৩২ জন এবং কেরলের ৩৩ জন রয়েছেন। বিভিন্ন রাজ্যের আরও ৬১ জনও আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, ত্রিশূলী নদীর উপর নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৭৩ জন ভারতীয়ও নিখোঁজ রয়েছেন।
নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিখোঁজ ৩২ বাঙালি পর্যটকের দ্রুত সন্ধান পাওয়ার আশায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যরা।



মতামত