Tuesday, 27 October 2026 · বাংলা সংবাদBBARTA স্টাফ ডেস্ক ↗

আপনার এলাকার খবর, আপনার কণ্ঠে। খবর পাঠান, নির্বাচিত রিওয়ার্ড পান।

আপনিই রিপোর্টার ↗
স্থানীয় সংবাদ

পাকিস্তানি গুপ্তচর সন্দেহে দিল্লি থেকে সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানি গুপ্তচর সন্দেহে দিল্লি থেকে এক সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতের নাম প্রদীপ্ত বসু। তিনি শিলিগুড়ির বাসিন্দা। বুধবার দিল্লিতে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাঁকে কোচবিহারে আনা হয়। দিনহাটা মহকুমা আদালত তাঁকে আট দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত ১৫ অগস্ট কোচবিহারের সাহেবগঞ্জ থেকে পাক চর সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছিল এসটিএফ। তাঁদের জিজ্ঞাসাবাদে দিল্লির প্রদীপ্তের নাম উঠে আসে বলে তদন্তকারীদের দাবি। এর আগে উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে পাকিস্তানি নাগরিক রানা রউফকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীদের অনুমান, ধৃতদের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর যোগাযোগ থাকতে পারে।

এসটিএফের দাবি, প্রদীপ্ত বিদেশি মুদ্রা লেনদেন, হাওয়ালা কারবার এবং জাল নোট পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। গোটা চক্রে তাঁর ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এ দিকে, একই মামলায় উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে ফজলে রাব্বি সিদ্দিকিকে আটক করেছে এসটিএফ। তিনি তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই। কোচবিহার থেকে ধৃত তিন জনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হাবড়া থেকে রানা রউফকে গ্রেফতারের পর তপসিয়া এলাকা থেকেও তাঁর দুই সহযোগীকে আটক করেছিল এসটিএফ। তদন্তকারীদের সূত্রে খবর, নেপাল হয়ে কলকাতায় এসেছিলেন রানা। ভুয়ো পরিচয়ে কলকাতায় থাকার পাশাপাশি বাংলাদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল তাঁর। তাঁর সূত্র ধরেই কোচবিহারে রশিদুল হক, নাসিরুদ্দিন আলি ও শফিকুলের খোঁজ মেলে।

এই ঘটনায় সাহেবগঞ্জ থানায় মোট সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশি ও নেপালের নাগরিকও রয়েছেন বলে তদন্তকারীদের সূত্রে খবর। জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোটা চক্রের শিকড়ে পৌঁছতে চাইছে এসটিএফ।

এই খবরে সংশোধন জানান

মতামত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *