যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে বন্ধ লিফট, জল-বিস্কুট পৌঁছে দিল রেল ও RPF
Thank you for reading this post, don't forget to subscribe!সংবাদদাতা, আদ্রা: পুরুলিয়া জেলার আদ্রা রেল স্টেশনে লিফট পরিষেবা নিয়ে চরম অব্যবস্থার অভিযোগ উঠল। যান্ত্রিক ত্রুটির কারণে লিফটের ভিতরে প্রায় তিন ঘণ্টা আটকে রইলেন একটি শিশু-সহ একাধিক মহিলা যাত্রী। দীর্ঘক্ষণ লিফটের ভিতরে আটকে থাকার পর অবশেষে বাইরে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।জানা যায়, রবিবার সকাল প্রায় ৭টা নাগাদ আচমকাই যান্ত্রিক ত্রুটির কারণে আদ্রা স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের লিফটটি মাঝপথে আটকে যায়। সেই সময় লিফটের ভিতরে ছিলেন একটি শিশু-সহ একাধিক মহিলা যাত্রী। দীর্ঘক্ষণ দরজা না খোলায় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল প্রশাসনের আধিকারিকেরা এবং আদ্রা RPF-এর জওয়ানেরা। যাত্রীদের নিরাপদে লিফট থেকে বের করে আনতে শুরু হয় তৎপরতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের সিনিয়র DCM বিকাশ কুমার-সহ অন্যান্য আধিকারিকেরা।আটকে থাকা যাত্রীদের কথা মাথায় রেখে রেল প্রশাসন ও আদ্রা RPF-এর পক্ষ থেকে লিফটের ভিতরে জল ও বিস্কুট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর রেলের ইঞ্জিনিয়ার ও RPF জওয়ানদের দীর্ঘ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর লিফটের দরজা খোলা সম্ভব হয়। নিরাপদে বাইরে বের করে আনা হয় আটকে থাকা যাত্রীদের।এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ চাঞ্চল্যের সৃষ্টি হয় আদ্রা রেল স্টেশনে। তবে যাত্রীদের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত লিফট পরিষেবায় কেন এত দীর্ঘ সময় ধরে যান্ত্রিক ত্রুটি দেখা দিল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা সচল করতে আরও কার্যকর ব্যবস্থা কেন নেওয়া গেল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রেল প্রশাসনের ভূমিকা নিয়ে।


মতামত