বি. বার্তা. : স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবার বিশেষ সম্মান পেল ভারতীয় সেনাবাহিনীর কুকুর টাইসন। সেনাবাহিনীর ২ প্যারা স্পেশাল ফোর্সের সঙ্গে যুক্ত এই জার্মান শেফার্ডকে জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে জঙ্গি দমন অভিযানে অসাধারণ সাহসিকতা দেখানোর জন্য ‘মেনশন-ইন-ডিসপ্যাচেস’ সম্মানে ভূষিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এ বছর যে ৮৯ জনকে এই সম্মান দেওয়া হয়েছে, তাদের মধ্যে টাইসনই একমাত্র প্রাণী।
Thank you for reading this post, don't forget to subscribe!২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলার ছত্রু এলাকার পাসারকুটে সংঘটিত হয় এই অভিযান। সেনা সূত্রে জানা যায়, ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার তথ্য মিললেও তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা ছিল না। এই পরিস্থিতিতে তল্লাশি অভিযানে নামানো হয় স্পেশাল ফোর্সে নিযুক্ত টাইসনকে। দুর্গম জঙ্গলে পথ দেখিয়ে সে জঙ্গিদের আস্তানার কাছে সেনাবাহিনীকে পৌঁছে দেয়। ঠিক তখনই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, পাল্টা জবাব দেয় সেনাও।
এই গোলাগুলির মধ্যেই একটি গুলি এসে লাগে টাইসনের পায়ে। তবে আহত অবস্থাতেও সে থামেনি — জঙ্গিদের আস্তানা সম্পূর্ণভাবে শনাক্ত না করা পর্যন্ত এগিয়ে গিয়েছিল বলে সেনাসূত্রে জানা গিয়েছে। টাইসনের দেখানো পথ ধরেই পরবর্তী অভিযানে পাকিস্তান মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ সংগঠনের তিন জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনী।
অভিযানের পর গুরুতর আহত টাইসনকে উদ্ধার করে বিশেষ চিকিৎসার জন্য দ্রুত এয়ারলিফট করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সেনা কর্তারা।
টাইসন ভারতীয় সেনার এলিট অ্যাসল্ট ডগ স্কোয়াডের অন্তর্গত। এই বিশেষ প্রশিক্ষিত কুকুররা উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযানে সেনাদের সঙ্গী হিসেবে কাজ করে, দুর্গম ও ঘন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের শনাক্ত করে এবং বিপজ্জনক পরিস্থিতিতে সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জঙ্গি দমন অভিযানে এই ধরনের প্রশিক্ষিত কুকুরদের গুরুত্ব যে কতটা, টাইসনের এই কীর্তি আরও একবার তা প্রমাণ করল।
সেনাবাহিনীর মতে, টাইসনের এই সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠা শুধু একটি সফল অভিযানের নজিরই নয়, বরং দেশের নিরাপত্তায় নিয়োজিত ‘চারপেয়ে সৈনিক’দের অবদানের এক উজ্জ্বল দৃষ্টান্তও বটে।


মতামত